ওল্ড ট্রাফোর্ডে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে রোমার বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের প্রথম ২০ মিনিটের মধ্যেই দুই গোল হজম করে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত দারুণ জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ জয়হীন থাকার ধারার অবসান ঘটাল রেড ডেভিলরা। এই জয়ে কিছুটা স্বস্তি পেলেন চাপে থাকা কোচ মাইকেল ক্যারিক।
ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় স্বাগতিকেরা। ১১ মিনিটে রদ্রিগো মোরার পাস থেকে পাওয়া বল জালে পাঠিয়ে রোমাকে এগিয়ে দেন মাতিয়াস সুলে। এরপর রোমার আক্রমণে ইউনাইটেডের রক্ষণভাগ দুর্বল প্রমাণিত হলে পেনাল্টি পায় সফরকারীরা, যেখান থেকে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ডনি ম্যালেন। প্রথমার্ধের মাঝামাঝিতে সমর্থকদের একাংশের মাঠে টেনিস বল ছুড়ে মারার কারণে কিছু সময় খেলা বন্ধ থাকে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন কার্লোস বালেবা। তবে ৬০ মিনিট পার হওয়ার পর ম্যাচের চিত্র পাল্টাতে শুরু করে। জিয়ানলুকা মানচিনির ফাউল থেকে পেনাল্টি পায় ইউনাইটেড। প্রথম দফায় ব্রুনো ফার্নান্দেসের শট গোলরক্ষক ফিরিয়ে দিলেও রোমা খেলোয়াড়েরা আগে বক্সে ঢুকে পড়ায় পেনাল্টি পুনরায় নেওয়া হয়। দ্বিতীয় সুযোগে ভুল করেননি অধিনায়ক ফার্নান্দেস।
এরপর ম্যাচের শেষ ভাগে গোলের দেখা পান মাতেউস কুনহা। ৮৩ মিনিটে রোমার রক্ষণভাগের ভুলে বল পেয়ে সহজেই ব্যবধান সমতায় ফেরান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর মাত্র তিন মিনিট পর ভাসকেজকে পরাস্ত করে দারুণ এক শটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন কুনহা। তবে গোল উদযাপনের সময় প্রথমে এবং পরবর্তীতে অতিরিক্ত সময়ে বিপজ্জনক ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়তে হয় তাকে। শেষ পর্যন্ত ১০ জনের দলে পরিণত হলেও রোমার বিপক্ষে মহামূল্যবান এই জয় ঠিকই ধরে রাখে ইউনাইটেড।


