অ্যাডিলেডে স্টোকস-চ্যাপম্যানের সঙ্গী রউফ

অ্যাডিলেডে স্টোকস-চ্যাপম্যানের সঙ্গী রউফ
হারিস রউফ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিগ ব্যাশ লিগের (বিবিএল) আগামী আসরে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলবেন পাকিস্তানের পেসার হারিস রউফ। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অ্যাডিলেডের বিদেশি খেলোয়াড় কোটায় তার সঙ্গে আছেন ইংল্যান্ডের বেন স্টোকস ও নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান।

অ্যাডিলেড স্ট্রাইকার্সের এক বিবৃতিতে রউফকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান কোচ টিম পাইন।

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার পাইন বলেন, ‘রউফ একজন ম্যাচ উইনার। আন্তর্জাতিক ক্রিকেট এবং বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করেছে সে। বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলার এবং যেকোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। পুরো টুর্নামেন্টের জন্য রউফকে পেয়ে আমরা রোমাঞ্চিত।’

২০১৯-২০ মৌসুমে প্রথমবার বিবিএলে খেলেন রউফ। মেলবোর্ন স্টার্সের হয়ে টানা পাঁচ মৌসুম খেলেছেন তিনি। এই সময়ে ৩৩ ম্যাচে ১৬.৪৮ গড়ে ৫৬ উইকেট নিয়েছেন পাকিস্তানি পেসার।

সর্বশেষ আসরে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন রউফ। ১১ ইনিংসে ২০ উইকেট নিয়েছেন ৩৩৫ রান খরচ করে। তার সেরা বোলিং ২৩ রানে ৩ উইকেট।

আরও পড়ুন

মেলবোর্ন ছেড়ে অ্যাডিলেডে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত রউফ। নতুন দলের হয়ে খেলতে তর সইছে না তার। রউফ বলেন, ‘অ্যাডিলেড ওভাল বিশ্বের অন্যতম সেরা একটি ভেন্যু। এই ভেন্যুতে সব সময় খেলতে পছন্দ করি।

‘এবারের অ্যাডিলেড দলটি বেশ শক্তিশালী। এই দলে স্টোকস, চ্যাপম্যান ও ম্যাথু শর্টের মতো ক্রিকেটাররা আছেন। তাদের সঙ্গে খেলার জন্য আমি মুখিয়ে আছি। অ্যাডিলেডে প্রতিভাবান ক্রিকেটার আছে। দলকে ফাইনালে তুলতে এবং শিরোপা জয়ে অবদান রাখতে চাই।’

এখন পর্যন্ত একবার বিবিএলের শিরোপা জিতেছে অ্যাডিলেড। ২০১৭-১৮ মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।

আগামী ১২ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশের নতুন আসর।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad