বাউবিতে প্রথম স্নাতকোত্তর ডিগ্রি পেলেন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী চৈতি

বাউবিতে প্রথম স্নাতকোত্তর ডিগ্রি পেলেন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী চৈতি
শিক্ষার্থী তানিশা ইয়াসমিন চৈতি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এমএসএস ইন সোশিওলজি প্রোগ্রাম থেকে প্রথমবারের মতো স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী তানিশা ইয়াসমিন চৈতি। ৪.০০-এর মধ্যে ৩.৩০ সিজিপিএ পেয়ে এ সাফল্য অর্জন করেন তিনি। তার এ অর্জনের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে তানিশার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।

তানিশা ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বাউবির সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের অধীনে এমএসএস ইন সোশিওলজি প্রোগ্রামে ভর্তি হন। অধ্যবসায় ও মেধার স্বাক্ষর রেখে সফলভাবে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠালগ্ন থেকে প্রচলিত শিক্ষাব্যবস্থার বাইরে থাকা ও শিক্ষাসুযোগ থেকে বঞ্চিত জনগোষ্ঠীর জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করছে বাউবি। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ নিশ্চিত করতে রংপুর আঞ্চলিক কেন্দ্রের অধীনে পৃথক স্টাডি সেন্টার স্থাপন করেছে বিশ্ববিদ্যালয়টি। সেখানে নিয়মিত পাঠদান চলছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য বাউবির এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকার্যক্রমের প্রসার ও উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।

তানিশার এ অর্জনকে সামাজিক অন্তর্ভুক্তি, সমান শিক্ষার অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সাফল্য তৃতীয় লিঙ্গের অন্য শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে আসতে উৎসাহিত করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad