গবেষণা, উদ্ভাবন, শিক্ষার মানোন্নয়ন ও কৃষি উন্নয়নে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) সাম্প্রতিক অগ্রগতি নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জি কে এম মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের গবেষণায় অর্থায়ন বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়নের অগ্রগতি তুলে ধরেন।
এ সময় উপাচার্য জানান, দেশে প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি বৃদ্ধি এবং গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম সম্প্রসারণের বিষয়েও তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন।
সাক্ষাতে উপাচার্য গবেষণালব্ধ জ্ঞান ও বৈজ্ঞানিক উদ্ভাবন কৃষকের ব্যবহারিক প্রয়োজনে কাজে লাগানোর উদ্যোগ তুলে ধরেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেছে। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা পূরণে উপকূলীয় অঞ্চলের উপযোগী এবং লবণাক্ততা সহনশীল ফসলের জাত উদ্ভাবনে গবেষণার বিষয়টিও আলোচনায় উঠে আসে। তৃণমূল পর্যায়ে কৃষিপ্রযুক্তির বিস্তার বাড়াতে অধিক জনবসতিপূর্ণ এলাকায় দুটি প্রযুক্তি গ্রামের স্থানান্তর ও কার্যক্রম বহুমুখী করার পরিকল্পনার কথাও জানান উপাচার্য।
তিনি বলেন, এসব উদ্যোগের লক্ষ্য গবেষণাগারের উদ্ভাবনকে কৃষকের প্রয়োজনের সঙ্গে যুক্ত করা এবং টেকসই কৃষি উন্নয়ন ত্বরান্বিত করা।
সাক্ষাতে উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সহায়ক ও অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। ২০২৪ সালের জুলাইয়ের পরিবর্তন-পরবর্তী পরিস্থিতিতে শিক্ষার্থীদের যৌক্তিক প্রত্যাশার প্রতি সংবেদনশীল থাকা, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং সমস্যা সমাধানে অংশগ্রহণমূলক ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন উপাচার্য।
রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে দেশের কৃষি খাতে আরও অবদান রাখতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানান তিনি।
এ ছাড়া রাষ্ট্রপতি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আগ্রহ প্রকাশ করেন। আগামী ১৮ মার্চ ২০২৭ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে সমাবর্তন সভাপতি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণেও তিনি সম্মতি দিয়েছেন।
সাক্ষাতে উপাচার্যের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহেদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাফিউল ইসলাম আফরাদ এবং রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা।


