সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকীকে মারধর ও হেনস্তার ঘটনায় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা জাহিদ হাসান ও বাসেদসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার বনানী থানায় এই মামলা করেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকী।
বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি মো. সালাহউদ্দিন বলেন, জাহিদ হাসান, বাসেদসহ আরো অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করা করেছেন আইইডিসিআরের পরিচালক।
বুধবার আইইডিসিআরের পরিচালকের কার্যালয়ে ঢুকে ৮-৯ জন বহিরাগত প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকীকে হেনস্তা ও মারধর করেন। ঘটনার সময় পরিচালকের কক্ষে একটি সভা চলছিল। তাতে অন্যদের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও যুক্তরাষ্ট্রের সিডিসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


