ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে ইউজিসির উদ্যোগ

ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে ইউজিসির উদ্যোগ
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট কর্মসূচির আওতায় বাংলাদেশি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য মাস্টার্স ও পিএইচডি বৃত্তির সুযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে ফুলব্রাইট কর্মসূচির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত সমঝোতার আওতায় দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একাডেমিক সহযোগিতা, শিক্ষক ও গবেষক বিনিময় এবং যৌথ গবেষণার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগের সহযোগিতার ক্ষেত্র ও বাস্তবায়নপদ্ধতি নির্ধারণে ইউজিসি এবং ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে কমিশন ও যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক ডিপ্লোম্যাসি বিভাগের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউজিসি চেয়ারম্যান মামুন আহমেদ বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়ানো প্রয়োজন। বাংলাদেশের শিক্ষক ও গবেষকেরা যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারেন এবং বিদেশি শিক্ষাবিদেরা যাতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণায় অবদান রাখতে পারেন, সে জন্য দ্বিমুখী একাডেমিক বিনিময় জোরদার করা জরুরি।

তিনি বলেন, শিক্ষক ও গবেষক বিনিময় এবং যৌথ গবেষণা উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্য সামনে রেখে দেশে ও বিদেশে শিক্ষক ও গবেষকদের জন্য ফেলোশিপের সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা করছে ইউজিসি।

আরও পড়ুন

অধ্যাপক মামুন আহমেদ আরও বলেন, ফুলব্রাইট কর্মসূচির সঙ্গে প্রাতিষ্ঠানিক সহযোগিতা গড়ে উঠলে বাংলাদেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক একাডেমিক বিনিময়ের সুযোগ বাড়বে।

এদিকে, ‘ইউজিসি-ফুলব্রাইট’ নামে একটি কর্মসূচি চালুর পরিকল্পনাও করছে কমিশন। এর আওতায় দেশের অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোতে গবেষণার জন্য পিএইচডি বৃত্তি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর স্কট হার্টম্যান ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামসহ কর্মসূচিটির বিভিন্ন দিক তুলে ধরেন। সিদ্ধান্ত অনুযায়ী, যৌথ ওয়ার্কিং কমিটি সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার পাশাপাশি বাস্তবায়ন কাঠামো নির্ধারণ করে সমঝোতা স্মারকের খসড়া তৈরি করবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পৃষ্ঠপোষকতায় পরিচালিত ফুলব্রাইট কর্মসূচি শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বিভিন্ন দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বাড়াতে কাজ করে। যুক্তরাষ্ট্রের সিনেটর জে. উইলিয়াম ফুলব্রাইটের উদ্যোগে ১৯৪৬ সালে এ কর্মসূচি প্রতিষ্ঠিত হয়।

সভায় ইউজিসির সদস্য মো. আসলাম হোসেন, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য সামসাদ মর্তূজা, ইউজিসির সচিব মো. ফখরুল ইসলাম, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক সুলতান মাহমুদ ভূঁইয়া, যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট স্পেশালিস্ট রায়হানা সুলতানা এবং পাবলিক এনগেজমেন্ট কো-অর্ডিনেটর ফারোহা সোহরওয়ার্দীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad