কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মধ্য পাহাড়পাড়ায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শওকত ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
অভিযুক্ত শওকত ইসলাম একই এলাকার বাসিন্দা।
শিশুটির মায়ের অভিযোগ, বুধবার বিকাল ৩টার দিকে মনিরঝিল এলাকা থেকে বাড়ি ফিরছিল তার মেয়ে। পথে শওকত ইসলাম তাকে গাড়িতে ওঠার প্রস্তাব দেন। শিশুটি রাজি না হলে জোর করে তাকে গাড়িতে তুলে নেন তিনি। পরে মধ্যম কাউয়ারখোপের পাহাড়পাড়ার একটি লেবুবাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তার মা।
শিশুটির মা আরও বলেন, ‘ঘটনার একপর্যায়ে অভিযুক্তের মুঠোফোনে কল আসে। তিনি ফোনে কথা বলার সুযোগে আমার মেয়ে সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসে। পরে আমাকে পুরো ঘটনা জানায়।’
ঘটনার খবর পেয়ে শিশুটির স্বজন ও স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন। পরে রামু থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, অভিযুক্তকে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


