বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার সকালে নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে তুরাগ নদে একটি ভাসমান মরদেহের খবর পায় নৌ পুলিশ। পরে বুধবার বিকাল ৪ টার দিকে সেখানে থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উত্তরখান থানা সূত্রে জানা যায়, তাহসিফ সাউরি গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন।
এ সময় মরদেহের সঙ্গে থাকা মোবাইল ফোনের সাহায্যে সেটি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির বলে শনাক্ত করা হয়। পরে তার এক আত্মীয়কে খবর দেওয়া হয়।

পুলিশের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তির পরনে সাদা পায়জামা ও কালো জামা ছিল। তার হাতে ঘড়ি ও পকেটে আইফোন পাওয়া যায়। ওই আইফোনের মাধ্যমেই তার পরিচয় শনাক্ত করা হয়।
তবে ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে সেই বিষয়ে তাৎক্ষনিকভাবে কোনো তথ্য দিতে পারেননি পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন। ময়নাতদন্তের পর নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে জানান পুলিশের এই কর্মকর্তা।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার সময় তার হেলিকপ্টারে ওঠার ভাইরাল ভিডিওটি তিনিই ধারণ ও প্রকাশ করেছিলেন বলে কথিত আছে।


