নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় নাফ নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে স্থানীয় লোকজনের খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শুক্রবার ভোর ছয়টার দিকে জাদিমুরা এলাকায় নাফ নদীতে একটি নৌকার মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহটি দেখতে পান তারা। পরে নৌকা থেকে মরদেহটি তীরে এনে পুলিশকে খবর দেন। খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

জাদিমুরা ৯ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আবদুল আমিন জানান, সকালে নাফ নদীসংলগ্ন এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। নিহত ব্যক্তির চোখের ওপরের অংশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার সকালে জাদিমুরা এলাকার নাফ নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির শরীরে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। তবে এখনো তার পরিচয় জানা যায়নি।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘জাদিমুরা-সংলগ্ন নাফ নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad