চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের বহনকারী বাসে আবার হামলার ঘটনা ঘটেছে। এর আগে মদুনাঘাটে বাসে হামলার পর সোমবার দুপুরে ক্যাম্পাসে ফেরার পথে এবং বিকালে প্রেস ক্লাবে যাওয়ার পথে আরও দুই দফা হামলার খবর পাওয়া গেছে।
সর্বশেষ বহদ্দারহাট বাস টার্মিনালে চুয়েটের যমুনা নামক বাসের চালককে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় বাসের গ্লাসও ভাঙচুর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২টার দিকে চুয়েটে ফেরার পথে শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলার ঘটনা ঘটে। পরে বিকাল সাড়ে ৪টার দিকে প্রেস ক্লাবে যাওয়ার পথে আবারও বাসে হামলা হয়। বহদ্দারহাট বাস টার্মিনালে এ সময় যমুনা বাসের চালককে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
এর আগে মদুনাঘাটে শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলার প্রতিবাদে একই দিন বিক্ষোভ করেন চুয়েটের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। বেলা সাড়ে ৩টার দিকে সংবাদ সম্মেলন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে সমবেত হয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির নেতারা হামলার নিন্দা জানান এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।


