শ্রেণিকক্ষে শিক্ষকের স্বাধীনতা নস্যাতের চক্রান্ত এবং কথা বলার কারণে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে অভিনব প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা।
বোববার শ্রেণিকক্ষে পাঁচ মিনিট মুখে কালো কাপড় বেঁধে বসে থেকে তিনি এই প্রতিবাদ জানান। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে অধ্যাপক সামিনা লুৎফা জানান, শ্রেণিকক্ষে শিক্ষকের স্বাধীনতা নস্যাতের পরিকল্পিত চক্রান্ত শিক্ষার্থী-শিক্ষকের সম্পর্কের আস্থা নষ্ট করছে। ভিন্নমত প্রকাশ বা কথা বলার কারণে যেসব শিক্ষক হেনস্তার শিকার হয়েছেন, তাদের প্রতি সংহতি জানিয়েই ব্যক্তিগতভাবে তিনি এই প্রতিবাদ করেছেন।
ফেসবুক পোস্টে তিনি আরও জানান, আজ ক্লাসে গিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে একটি কোড অব কন্ডাক্ট বা আচরণবিধি নির্ধারণ করেছেন।
অনুমতি ছাড়া শ্রেণিকক্ষে কী কী করা যাবে বা যাবে না এবং মতবিরোধ (ডিজঅ্যাগ্রিমেন্ট) তৈরি হলে তা কীভাবে নিরসন করা হবে, সে বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন তিনি।
এরপর ক্লাসে মুখে কালো কাপড় বেঁধে পাঁচ মিনিট বসে থাকেন এই অধ্যাপক। নিজের পোস্টের শেষে তিনি সবার প্রতি ‘রিক্লেইম ক্লাসরুম’ বা শ্রেণিকক্ষের অধিকার ফিরে পাওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একটি ক্লাসে নেকাব পরা এক ছাত্রীর সঙ্গে সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের একটি আলোচনাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়।


