মানিকগঞ্জের সাটুরিয়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তার দুই ছেলের হাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের পশ্চিম চর তিল্লি গ্রামে তাকে পিটিয়ে হত্যা করা হয়।
নিহতের নাম নুর হোসেন জইটার (৬০)। তিনি ওই গ্রামের মৃত হুইটা আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে নুর হোসেনের সঙ্গে তার ছোট ভাই আবুল হোসেন এবং আবুলের দুই ছেলে সোহেল হোসেন ও রতন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে আবুল হোসেন ও তার দুই ছেলে বাঁশের লাঠি দিয়ে নুর হোসেনকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে তার মাথার পেছনে গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
পরে সেখান থেকে ঢাকা নেওয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে নূর হোসেন মারা যান বলে জানান স্বজনরা। পরিবারের সদস্যরা নিহতের মরদেহ থানায় নিয়ে গেলে পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের মাথায় ও গায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ধলা বলেন, জমি নিয়ে ওই পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও বিরোধের সমাধান হয়নি। শনিবার সকালে আবারও ঝগড়ার ঘটনা ঘটে।
প্রতিবেশীদের কাছ থেকে তিনি নুর হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগের কথা জানতে পেরেছেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


