ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং দুর্বলতা আবারও দেখা গেছে। টাইগ্রেসদের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফোবি লিচফিল্ডের ৫৭ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংসে ২৪ ওভার ২ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় তুলে নেয় অজিরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই মেগান শাটের সুইংয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ফারজানা হক। ১১ রানের মাথায় শূন্য রানে শারমিন সুলতানা আউট হলে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দুই উইকেট নিয়ে ওয়ানডেতে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন শাট। তিনে নামা শারমিন আক্তার ২৬ বলে ৫টি চারে ২৪ রান করে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিলেও অ্যানাবেল সাদারল্যান্ডের শিকার হন।
অধিনায়ক নিগার সুলতানা (৮৬ বলে ২৯) ও শোরনা আক্তার (৫০ বলে ২১) ধীরগতির ব্যাটিংয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। শেষদিকে রিতু মনির ৬৩ বলে ৪৫ রানের লড়াকু ইনিংসে ভর করে ৪৯ ওভার ৪ বলে ১৬৬ রানে অলআউট হয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পক্ষে সাদারল্যান্ড ৪টি ও শাট ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অস্ট্রেলিয়া। জর্জিয়া ভল ১৯ রানে আউট হলেও ৩৫ বলে হাফসেঞ্চুরি তুলে নেন লিচফিল্ড। এলিস পেরির সঙ্গে ৯০ রানের জুটি গড়ে দলকে জয়ের দোড়গোড়ায় নিয়ে যান এই ওপেনার। ৭৭ রানে রাবেয়া খানের বলে লিচফিল্ড আউট হলেও পেরি ২৬ রানে অপরাজিত থেকে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন। আগামী রোববার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।


