বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেতা। ৪৬ বছর বয়সী এই কোচের সঙ্গে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে দুই দশকের বেশি সময় কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে বিসিবির এই নতুন কোচের। লেভেল-৪ সনদধারী মাকেতা সিএসএর অধীনে জাতীয় দল ছাড়াও দক্ষিণ আফ্রিকা ‘এ’, অনূর্ধ্ব-১৯ দল, জাতীয় একাডেমি ও ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি পর্যায়ে কাজ করেছেন।
২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ থাকাকালে অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ছিলেন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও। সবশেষ সিএসএ-এর জাতীয় একাডেমি ও অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ছিলেন, যার অধীনে যুব বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল প্রোটিনিয়ারা।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত মাকেতা বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। বিসিবি আমার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। ফিল সিমন্স ও কোচিং স্টাফের অন্য সদস্যদের সঙ্গে কাজ করে এই তরুণ দলের সেরাটা বের করে আনতে মুখিয়ে আছি।’


