১১তম দিনেও চুয়েটে বিক্ষোভ মিছিল, সমস্যা সমাধানের দাবি শিক্ষার্থীদের

১১তম দিনেও চুয়েটে বিক্ষোভ মিছিল, সমস্যা সমাধানের দাবি শিক্ষার্থীদের
চুয়েটে উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ১১তম দিনে গড়িয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আন্দোলন। শুক্রবার জুমার নামাজ শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে তা স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এ সময় ‘ভিসি হিসেবে কাকে চাই, সায়েম স্যারকেই আবার চাই’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।

মিছিল শেষে আন্দোলনকারীদের অবস্থান তুলে ধরে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ বলেন, ‘আজ আন্দোলনের ১১তম দিন। দাবি নিয়ে এখনো ঊর্ধ্বতন মহল থেকে কোনো সাড়া পাচ্ছি না। এর প্রতিবাদেই আজকের বিক্ষোভ মিছিল। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা শিগগির ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের কাছ থেকে একটি ইতিবাচক ফলাফল চাই।’

একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অরিন্দম দে বলেন, ‘প্রশাসনের নীরবতা ও নিষ্ক্রিয়তার প্রতিবাদে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল করেছি। আমরা অনিশ্চয়তার মধ্যে আছি এবং এর একটি দ্রুত সমাধান চাই। সমাধান এনে দিয়ে আমাদের ক্লাসে ফেরার সুযোগ করে দিতে অনুরোধ জানাচ্ছি।’

গত ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি চালচ্ছেন শিক্ষার্থীরা। আন্দোলনকে কেন্দ্র করে এর মধ্যে মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শন, মানববন্ধন ও গণসইসহ নানা কর্মসূচি পালিত হয়। এই অচলাবস্থার কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস, পরীক্ষা ও সব ধরনের একাডেমিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad