দলের পরিচয়ে অপকর্ম করলে ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

দলের পরিচয়ে অপকর্ম করলে ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
শুক্রবার রাজধানীর রায় সাহেব বাজারে এসএসসি পরীক্ষা ২০২৬-এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দলের পরিচয় ব্যবহার করে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

তিনি বলেন, ‘দলের রাজনৈতিক নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হয়ে কেউ অপকর্ম করলে তাকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।’

শুক্রবার রাজধানীর রায় সাহেব বাজারে এসএসসি পরীক্ষা-২০২৬-এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রায় সাহেব বাজার পঞ্চায়েত কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

ইশরাক বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, এটা সাধারণত যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, সরকারি দলের পরিচয়ই ব্যবহার হয়। কারণ বিরোধী দলের পরিচয় তখন আর ব্যবহার হবে না। ব্যবহারকারী কিছু ব্যক্তি আমাদের দলীয় পরিচয় ব্যবহার করে আমাদের যে রাজনৈতিক নীতি-আদর্শ, সেখান থেকে বেলাইনে যাওয়ার চেষ্টা করছে।’

তিনি বলেন, গতকাল এ বিষয়ে প্রধানমন্ত্রী ‘জিরো টলারেন্স’ কী, তা দ্রুত ২৪ ঘণ্টার মধ্যে দেখিয়ে দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একজন সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি তা মেনে পদত্যাগ করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, দলের পরিচয় ব্যবহার করে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

আরও পড়ুন

ইশরাক বলেন, ঢাকা-৬ এলাকায় বিএনপি ও সব অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। তাদের মধ্যে যারা সততা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করেন, তাদের ওপর তিনি ভরসা রেখেছেন। দলের পরিচয় ব্যবহার করে কেউ অপকর্ম করলে তারা তা চিহ্নিত করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা যখন সামনে থাকি, আবার আমরাও দেখি না পরে গিয়ে কী করেন। সেটা সব সময় সঠিক তথ্য পেতে সময় লাগে।’ এ জন্য সবাইকে ধৈর্যসহকারে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

ইশরাক আরও বলেন, সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ নিজেদের বিবেচনায় সরকারের কর্মকাণ্ড মূল্যায়ন করবেন–তারা কী করছে এবং কী করতে চাচ্ছে।

এলাকার বিভিন্ন সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের সমস্যা ছিল। তবে এখন পরিস্থিতি কাটিয়ে ওঠা শুরু হয়েছে। দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে আগামী কয়েক বছরের মধ্যে লোডশেডিং বা কোনো ধরনের ঘাটতি না থাকে এবং পর্যাপ্ত মজুত রাখা যায়।

এলাকার ছোট-বড় সমস্যাগুলো দ্রুত তার কাছে জানানোর আহ্বান জানিয়ে ইশরাক বলেন, ‘আপনারা ছোট-বড় যেকোনো সমস্যায় চোখে পড়বেন। দ্রুত আমার কাছে নিয়ে আসবেন। দ্রুত আমরা সেটা সমাধান করব।’

কৃতী শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে ভালো ক্যারিয়ার গড়ে তোলার জন্য তিনি শুভকামনা জানান।

এ সময় রায় সাহেব বাজার পঞ্চায়েত কমিটির ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad