বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন প্রধান কোচ ডেভিড হেম্পের দলের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনায় পরিবর্তন এসেছে। বুধবার মেলবোর্ন থেকে তার ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকায় না এসে সরাসরি ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
বৃহস্পতিবার হেম্পের ঘনিষ্ঠ একটি সূত্র টাইমসকে এ তথ্য জানিয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে ব্রিসবেনে প্রস্তুতি ক্যাম্প করছে বাংলাদেশ নারী দল। ৯, ১১ ও ১৪ অক্টোবর সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হিসেবে হেম্পের দুই বছরের মেয়াদ শুরু হবে। তার চুক্তির মেয়াদ ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত। তিনি সরওয়ার ইমরানের স্থলাভিষিক্ত হয়েছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে জাতীয় নারী দলের দায়িত্বে ছিলেন সরওয়ার।
বাংলাদেশ নারী দলের সঙ্গে এটি হেম্পের দ্বিতীয় দফা কাজ। ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে তিনি দলের ব্যাটিং কোচ ছিলেন। চলতি বছরের শুরুতে নেপালে অনুষ্ঠিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বেও একই দায়িত্ব পালন করেন।
২০২৩ সালের মে থেকে বিসিবির কোচিং কাঠামোর সঙ্গে যুক্ত হেম্প। শুরুতে তিনি হাই পারফরম্যান্স (এইচপি) প্রোগ্রামের দায়িত্ব নেন। ২০২৪ সালে জাতীয় পুরুষ দলের ব্যাটিং কোচ হন। এর আগে ২০২৩ সালে নিউজিল্যান্ড সফরে পুরুষ দলের কোচিং স্টাফে ছিলেন তিনি।
নারী ক্রিকেটেও হেম্পের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তান নারী দলের প্রধান কোচ ছিলেন তিনি। এর আগে ভিক্টোরিয়া স্টেট নারী দল ও উইমেনস বিগ ব্যাশ লিগের মেলবোর্ন স্টার্সের কোচ হিসেবেও কাজ করেছেন।


