মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে কথা বলেছেন। বুধবারের এ টেলিফোন আলাপে দুই নেতা বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, সংকটপূর্ণ প্রযুক্তি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেন।
তারা ভারত-মার্কিন সুদূরপ্রসারী বিশ্ব কৌশলগত অংশীদারত্বকে এগিয়ে নেওয়ার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা আরও গভীর করতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হন।
ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলি সম্পর্কেও মতামত বিনিময় করেন এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। তারা দুইজনই পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়ে একমত হন।
পরে ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর এক এক্স পোস্টে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদির মধ্যে অত্যন্ত চমৎকার একটি কথোপকথন হয়েছে।


