ঢাকার মিরপুর ১০-এ উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সিটি করপোরেশনের একটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, বুধবার দুপরে এই সংঘর্ষ হয়।
জানা যায়, মিরপুর ১০ এর ফুটপাতে উচ্ছেদ অভিযান চালানোর সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। এতে ক্ষুব্ধ হয়ে হকার আর ফুটপাতের ব্যবসায়ীরা সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় তারা একটি ভেকু মেশিন ও পুলিশের গাড়িও ভাঙচুর করে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। এসময় গণমাধ্যম কর্মীদের ওপরও হামলার অভিযোগ উঠেছে। যমুনা টেলিভিশনের গাড়ি ভাঙচুর, সময় টিভির রিপোর্টার এবং ক্যামেরাম্যানকে মারধর করা হয়েছে বলে জানা গেছে।


