দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৯৪২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩৯ জনে দাঁড়িয়েছে এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭৭ হাজার ৬৭২ জনে পৌঁছেছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, চলতি বছরের মধ্যে সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। এ মাসের ২৯ দিনেই ৪১ হাজার ৮২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ১৪২ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭৫১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৪২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন রাজশাহী বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) হাসপাতালে একজন করে মারা গেছেন।
নতুন ভর্তি ১ হাজার ৯৪২ জন রোগীর মধ্যে সর্বোচ্চ ৩৭৮ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) হাসপাতালগুলোতে। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩০১ জন, খুলনা বিভাগে ২৬৪, বরিশাল বিভাগে ২২৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১৩, রাজশাহী বিভাগে ১৯৭, চট্টগ্রাম বিভাগে ১৭৮, ময়মনসিংহ বিভাগে ১২০, রংপুর বিভাগে ৫৬ এবং সিলেট বিভাগে ৬ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরের মোট আক্রান্তদের মধ্যে পুরুষ ৪৮ হাজার ২২৮ জন (৬২ দশমিক ৩ শতাংশ) এবং নারী ২৯ হাজার ২০৩ জন (৩৭ দশমিক ৭ শতাংশ)।
আক্রান্তে পুরুষ এগিয়ে থাকলেও মৃত্যুর সংখ্যায় নারীর হার বেশি। মোট ২৩৯ জন মৃতের মধ্যে ১২৬ জন নারী এবং ১১২ জন পুরুষ। একজনের লিঙ্গভিত্তিক তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
বয়সভিত্তিক হিসাবে ১৬ থেকে ৩০ বছর বয়সীরা ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। আর মোট মৃত্যুর মধ্যে ২৬ থেকে ৩০ বছর বয়সী ৩০ জন এবং ৩৬ থেকে ৪০ বছর বয়সী ২৩ জন রয়েছেন।


