দেশে হামজনিত মৃত্যু বেড়ে ১ হাজার ১০৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে মৃতের সংখ্য ১ হাজার ৭ এবং নিশ্চিত হাম রোগে মৃতের সংখ্যা ১০১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৩০ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ২২১ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ১২৮ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে চারজনের।
গত ১৫ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯১ হাজার ৭৩১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ও ২১ হাজার ৫২০ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগীর মধ্যে মোট ১ লাখ ৬৯ হাজার ৮০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ লাখ ৬২ হাজার ৮৭৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকায়, ৪৬৬ জন। চট্টগ্রামে ২৬২, সিলেটে ১৬৭, বরিশালে ১৪৫, ময়মনসিংহে ৭২, খুলনায় ৬৬, রাজশাহীতে ৩৩ এবং রংপুরে ১০জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং ময়মনসিংহে একজন করে সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত ঢাকায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮১ হাজার ৬০জন। চট্টগ্রামে ৩৮ হাজার ২৭০, সিলেটে ১৫ হাজার ৬২৮, বরিশালে ২০ হাজার ৭৯৭, খুলনায় ১২ হাজার ৬০৩, রাজশাহীতে ১০ হাজার ৫৭৮, ময়মনসিংহে ৯ হাজার ৪৮০ এবং রংপুরে ৩ হাজার ৩১৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।
এদিকে, চলতি বছর জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে সারাদেশে মোট ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে ২ কোটি ১ লাখ ৩৩ হাজার ৬৭২ জনকে টিকা দেওয়া হয়েছে। এতে মোট কভারেজ দাঁড়িয়েছে ১১১ দশমিক ৮ শতাংশ।


