দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। একই সময়ে ১ হাজার ১৩২ জনকে সন্দেহজনক হাম রোগী শনাক্ত করা হয়েছে ও নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ৮২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের ১ অক্টোবরের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯২ হাজার ৮৬৩ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।
তাদের মধ্যে ২১ হাজার ৬০২ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ১ লাখ ৭০ হাজার ৮৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ লাখ ৬৩ হাজার ৯৭৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৭ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১০০ জন। এ সময়ে সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে দুজনের। তাদের একজন সিলেট এবং অন্যজন চট্টগ্রাম বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ১ হাজার ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০১ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকায় ৪১৭ জন। এরপর চট্টগ্রামে ২৪৩ জন, সিলেটে ১২৩ জন, বরিশালে ১১৬ জন, খুলনায় ১০৩ জন, ময়মনসিংহে ৮০ জন, রাজশাহীতে ২৮ জন এবং রংপুরে ২২ জন শনাক্ত হয়েছেন।
এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্তের সংখ্যাও ঢাকায় সবচেয়ে বেশি, ৭৪ জন। চট্টগ্রামে পাঁচজন, সিলেটে একজন ও খুলনায় দুজনের হাম নিশ্চিত হয়েছে।
এদিকে, চলতি বছরের জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত লক্ষ্যমাত্রার ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের বিপরীতে ২ কোটি ১ লাখ ৮৫ হাজার ৭৪৭ জনকে টিকা দেওয়া হয়েছে। এতে মোট টিকা দেওয়ার হার দাঁড়িয়েছে ১১২ শতাংশ।


