ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজারবাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়। আদালতে তার ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। সরকারবিরোধী বক্তব্যের পর তিনি পুলিশের নজরদারিতে ছিলেন।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নাজমুল হক।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। ওই অডিওতে সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বিতর্কিত বক্তব্য শোনা যায়।
রাকিবুল দাবি করেছিলেন, অডিওটি তার নয় এবং এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
ভাইরাল হওয়া অডিওতে রাকিবুলকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসছেন, কিছু হবে না। রাস্তার পুলিশ কত দুর্বল, আপনারা চিন্তাও করতে পারছেন না। চলে আসলে এই পুলিশ কিচ্ছু করতে পারবে না।’
এ ছাড়া পুলিশের শীর্ষপর্যায়ে বদলি-পদায়ন বাণিজ্য, আইজিপির গাড়িচালকের মাধ্যমে ওসি পদায়ন এবং বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগও উঠে আসে ওই অডিওতে।
অডিওটি গত ১৬ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পর ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা আদেশে রাকিবুলকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।
এর পরদিন ১৭ সেপ্টেম্বর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিলের ঘটনায় গুলশান থানার ওসি দাউদ হোসেন এবং গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে প্রত্যাহার করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন হয়েছিল। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়।
এই মামলাটি ডিবি তদন্ত করছে কি না এবং ডিবি গ্রেপ্তার করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, আমাদের ডিবি তাকে গ্রেপ্তার করেনি। খবর নিয়ে জানতে পারলাম সিআরও থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং এই মামলাটির ডিবি তদন্ত করছে না এখন পর্যন্ত আমি এ রকম কোনো চিঠি পাইনি।’


