জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ম্যানহাটনের ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’ হোটেলে দুই নেতার বৈঠক হয়।
বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, ইরান যুদ্ধ, মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তাসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তারেক রহমান ও মাসুদ পেজেশকিয়ান।
তিনি জানান, বাংলাদেশ মনে করে জাতিসংঘ একটি নিরপেক্ষ জায়গা। সেখানে ইরানের প্রেসিডেন্টের উপস্থিতি অনেক বিষয়কে গুরুত্বপূর্ণ করে তোলে।
প্রায় ৮০ লাখ প্রবাসী বাংলাদেশি মধ্যপ্রাচ্যে কাজ করছেন উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে পরিস্থিতি যদি শান্তিপূর্ণ সমাধানের দিকে না যায় তাহলে এই সংঘাতের প্রভাব আমাদের দেশেও পড়বে, রেমিটেন্সের ওপর পড়বে। এটা আমাদের জন্য অনেক বড় উদ্বেগের বিষয়।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের জেরে পারস্য উপসাগরে কার্যত অচল হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজকে ছাড় দিতে ইরানের প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছেন তারেক রহমান।
হুমায়ুন কবির বলেন, ‘আমাদের অনেক কনটেইনার ও জাহাজ হরমুজ প্রণালিতে সংঘাতের কারণে আটকে আছে। আমরা ইরানের প্রেসিডেন্টের কাছে দ্রুত এটার সমাধান চেয়েছি। কূটনীতির মাধ্যমে যাতে এই যুদ্ধের একটা সুন্দর সমাধান হয় সেই আহ্বান জানিয়েছি।’
‘এরপর আমাদের আটকে থাকা জাহাজগুলো যেন নিরাপদে দেশে আসতে পারে- সেই ব্যাপারে ইরানের সহযোগিতা চেয়েছি।’
জ্বালানি সংকট নিয়ে বাংলাদেশের উদ্বেগের বিষয়েও মাসুদ পেজেশকিয়ানকে জানানো হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ইরানের প্রেসিডেন্ট মনোযোগ দিয়ে আমাদের কথা শুনেছেন। আমরা আশ্বাস পেয়েছি। ওনারা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।’
ইরানের সঙ্গে শক্তিশালী কূটনৈতিক সম্পর্কের প্রভাব খাটিয়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের মিত্ররাও বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশ এই যুদ্ধে নিরপেক্ষ ভূমিকায় আছে। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নিয়েছেন। আমরা বলছি, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ কোনো ধরনের চাপ প্রয়োগ ছাড়া প্রভাব রাখবে।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের বিষয়ে মাহদী আমিন বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। প্রয়োজনে বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ অবস্থান থেকে সংলাপের সুযোগ তৈরিতে ভূমিকা রাখতে পারে। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অনেক অংশীদার রয়েছে। সংঘাতের কারণে জ্বালানি, বাণিজ্য ও বাংলাদেশি প্রবাসীদের ওপর যে প্রভাব পড়ছে, তা বিবেচনায় নিয়ে শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার কথা দুই নেতার আলোচনায় তুলে ধরা হয়েছে।


