উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ ও বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে ‘ক্রস-বর্ডার হায়ার এডুকেশন নীতিমালা’ প্রণয়ন করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ এ কথা জানান।
রোববার ইউসিএসআই ইউনিভার্সিটির ১০ সদস্যের প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি নীতিমালার বিষয়ে আলোচনা করেন। প্রস্তাবিত নীতিমালার আওতায় মানসম্পন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে এবং দেশের যোগ্য বিশ্ববিদ্যালয়কে বিদেশে শাখা ক্যাম্পাস পরিচালনার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, অনুমোদনপ্রাপ্ত বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে মূল ক্যাম্পাসের মতোই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, রোবোটিকস ও নবায়নযোগ্য জ্বালানির মতো উদীয়মান ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ তৈরিতে আধুনিক একাডেমিক প্রোগ্রাম চালুর উদ্যোগকে উৎসাহিত করা হবে। এ ছাড়া দেশের প্রয়োজন ও সক্ষমতা বিবেচনায় যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে খুব শিগগির পিএইচডি প্রোগ্রাম পরিচালনার অনুমতি দেওয়া হবে বলে জানান তিনি।
অধ্যাপক মামুন আহমেদ বিশ্বের মানসম্মত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্কলারশিপ, ইন্টার্নশিপ, যৌথ গবেষণা ও যৌথ ডিগ্রির সহযোগিতা বাড়ানোর উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি বাংলাদেশের মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলোর মালয়েশিয়ায় শাখা ক্যাম্পাস স্থাপনে ইউসিএসআইয়ের সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে ইউসিএসআই ইউনিভার্সিটির প্রতিনিধিরা বাংলাদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণ, বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম পরিচালনা ও পিএইচডি ডিগ্রির অনুমতি প্রত্যাশা করেন। পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যৌক্তিক টিউশন ফি নির্ধারণ, ফি ওয়েভার, যৌথ ডিগ্রি এবং বাংলাদেশি শিক্ষকদের বিদেশি স্কলারশিপ কার্যক্রমে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশে তাদের ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী ভর্তিতেও ইউজিসির সহযোগিতা চাওয়া হয়।
সভায় আগামী ডিসেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় ইউসিএসআই ইউনিভার্সিটির সমাবর্তনে ইউজিসি চেয়ারম্যানকে আমন্ত্রণ জানানো হয়।
ইউসিএসআই ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও উপাচার্য অধ্যাপক ইমেরিটাস দাতুক সিতি হামিসা বিনতে তাপসিরের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎকালে ইউজিসি সচিব মো. ফখরুল ইসলাম, আইসিসি বিভাগের পরিচালক মো. সুলতান মাহমুদ ভূঁইয়া, ইনসাইট ইনস্টিটিউট অব লার্নিংয়ের চেয়ারম্যান ও ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আরিফুল বারী মজুমদার এবং উপউপাচার্য অধ্যাপক মোহাম্মদ কুশাইরি বিন মোহাম্মদ রাজউদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ঢাকার বনানীতে প্রতিষ্ঠানটির একটি শাখা ক্যাম্পাস রয়েছে।


