বগুড়ার ধুনট উপজেলায় মসজিদে যাতায়াতের রাস্তার পাশের জঙ্গল থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামে এ ঘটনা ঘটে। কে বা কারা শিশুটিকে সেখানে রেখে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, ভোরে মসজিদে যাওয়ার সময় রাস্তার পাশের জঙ্গল থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে তিনি সেখানে গিয়ে একটি নবজাতককে পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে পূর্ব গুয়াডহরী গ্রামের আব্দুল গুনি সরকারের ছেলে মিজানুর রহমান শিশুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান।
নবজাতক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে একনজর দেখতে স্থানীয়রা মিজানুর রহমানের বাড়িতে ভিড় করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রাতের কোনো এক সময় শিশুটিকে ওই জঙ্গলে রেখে যাওয়া হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। তবে শিশুটিকে কে বা কারা এবং কী কারণে সেখানে রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, নবজাতকের বয়স দুই থেকে তিন দিন। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে নবজাতকের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: নবজাতক ফেলে পালাচ্ছিলেন কিশোরী ও সিএনজিচালক, পরে আটক


