আফগানিস্তানে ভারতীয় নারী ব্যাকপেকারকে ছেড়ে দিল তালেবান

আফগানিস্তানে ভারতীয় নারী ব্যাকপেকারকে ছেড়ে দিল তালেবান
ভারতীয় কনটেন্ট নির্মাতা অরুণিমা আইপি। ছবি: ফেসবুক
Advertisement
Advertisement

আফগানিস্তানে একা ভ্রমণ করায় তালেবানের হাতে আটক হওয়ার পর মুক্তি পেয়েছেন ভারতীয় কনটেন্ট নির্মাতা অরুণিমা আইপি। ইনস্টাগ্রামে ১২ লাখের বেশি অনুসারী এবং ইউটিউবে ৭ লাখ ৩৩ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে অরুণিমার।

বুধবার যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, আফগানিস্তানে নারীদের একা ভ্রমণের অনুমতি না থাকায় সোমবার তালেবান তাকে আটক করে। দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের পালাক্কাদ শহরের এই ভারতীয় নাগরিক প্রায় দুই সপ্তাহ আগে দেশটিতে একা ভ্রমণে যান।

সোমবার তার পাঠানো এসওএস বার্তায় বলা হয়, ‘দয়া করে আমাকে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করিয়ে দিন।’ প্রায় ২৪ ঘণ্টা পর মঙ্গলবার সকালে ইনস্টাগ্রামে তিনি জানান, ‘আমি এখন নিরাপদে আছি।’

আফগানিস্তানের বিভিন্ন বাজার ও প্রত্যন্ত গ্রামে ভ্রমণের ভিডিও তিনি প্রতিদিন ইউটিউবে প্রকাশ করছিলেন।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে অরুণিমা বলেন, ‘আফগানিস্তানে নারীদের শুধু চোখ দেখানোর অনুমতি রয়েছে। আমি অন্য দেশের নারী হওয়ায় আমার মুখ দেখাতে পারছি। অন্যথায় আমাকেও মুখ ঢাকতে হতো। তবে মাথা ও শরীর ঢেকে রাখতে হচ্ছে।’

গত সপ্তাহে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, তালেবানের সদস্য বলে দাবি করা সশস্ত্র কয়েকজন ব্যক্তি তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। বর্তমানে দেশটির সরকার নিয়ন্ত্রণ করছে তালেবান।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে অরুণিমা বলেন, ‘আফগানিস্তানে প্রতিটি চেকপোস্টে এভাবেই আমাদের জিজ্ঞাসাবাদ করা হয়।’ রাইফেল বহনকারী ব্যক্তিরা তার কাছে নথিপত্র চান এবং তাকে ভারতীয় পাসপোর্ট দেখাতে দেখা যায়।

তিনি জানান, তাকে থামানো ব্যক্তিরা তার ভ্রমণসংক্রান্ত নথি পড়তে পারছিলেন না। তারা একা ভ্রমণ না করার পরামর্শ দেন এবং দেশের বিভিন্ন প্রদেশে যেতে বিশেষ অনুমতি নেওয়ার কথা বলেন।

আরও পড়ুন

অরুণিমা বলেন, ‘আমি কয়েক ঘণ্টা এমন আতঙ্কের মধ্যে ছিলাম যে মনে হচ্ছিল, আমি হয়তো মারা যেতে পারি। আমি পুরোপুরি ভীত হয়ে পড়েছিলাম। সন্ধ্যায় একটি ট্রাকে লিফট নিয়ে বামিয়ানে পৌঁছাই। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে লোকজন আমার দিকে এগিয়ে আসতে শুরু করে। কারণ আফগানিস্তানে রাতে কোনো নারী সাধারণত একা থাকে না।’

দেশটির জালালাবাদসহ প্রত্যন্ত প্রদেশগুলোতেও তাকে ভ্রমণ করতে এবং পুরো শরীর ঢাকা আফগান নারীদের দেখাতে দেখা গেছে। অরুণিমা বলেন, মানুষ তাকে দেখে থেমে যাচ্ছিলেন, কারণ তারা বাইরে কোনো নারীকে প্রায় দেখতেই পান না।

তিনি জানান, একবার রাস্তার পাশের একটি খাবারের দোকানে থামার পর কয়েকজন সশস্ত্র স্থানীয় ব্যক্তি তাকে জিজ্ঞাসাবাদ করতে আসেন।

‘তারা আমার ছবি তুলেছে’, বলেন অরুণিমা। এরপর তিনি বলেন, ‘এখন আমার মনে হচ্ছে, আমিই যেন মূল চরিত্র।’ একাই ভ্রমণ করবেন জেনেও তালেবান কেন তাকে ভিসা দিয়েছিল এবং পরে আটক করেছিল, সেই প্রশ্ন তোলেন অরুণিমা।

এক ভিডিওতে তিনি বলেন, ‘তাদের আইন অনুযায়ী, আমি নিয়ম ভঙ্গ করেছি। তারা আমাকে বলেছিল, আমাকে গ্রেপ্তার করা হবে। এখানে তালেবানের প্রতিটি সদস্যই যেন একজন পুলিশ কর্মকর্তা। তারা যা খুশি করতে পারে। আমি তাদের বলেছিলাম, আমাকে দেশে ফেরত পাঠাতে।’

প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ‘আমার অপরাধ কী ছিল? আমি একজন নারী হিসেবে এমন একটি দেশে একা ভ্রমণ করেছি, যেখানে নারীদের একা ভ্রমণের অনুমতি নেই।’

অরুণিমা জানান, ইরান ভ্রমণের ভিসার জন্য তিনি অপেক্ষা করছিলেন। তবে এখন তিনি উজবেকিস্তানের উদ্দেশে রওনা হবেন। দেশটি আফগানিস্তান থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে। পথে তালেবানের কর্মকর্তাদের আরও তল্লাশি ও টহল নিয়ে উদ্বিগ্ন বলেও জানান তিনি।

তালেবান এবং ভারতীয় দূতাবাস তার ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি। বেশির ভাগ দেশই নাগরিকদের আফগানিস্তান ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। দেশটির পরিস্থিতি ভ্রমণের জন্য অনুকূল নয় বলে এসব সতর্কতা জারি করা হয়েছে। তবে অনেক কনটেন্ট নির্মাতা সতর্কতা উপেক্ষা করে বিশ্বের অন্যতম কঠোরভাবে নিয়ন্ত্রিত দেশটির ভ্রমণচিত্র প্রকাশ করছেন।

আফগান নারীদের ওপর বিধিনিষেধ কঠোরভাবে কার্যকর করা হলেও বিদেশিদের ক্ষেত্রে এসব বিধিনিষেধ সাধারণত তুলনামূলকভাবে শিথিল।

মানবাধিকার বিশেষজ্ঞ ও সমালোচকেরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন, যে দেশটিতে মোট জনসংখ্যার অর্ধেক নারী চরম বৈষম্যের শিকার হচ্ছেন, সেখানে কেবল পর্যটন বা কনটেন্ট বানানোর উদ্দেশ্যে ভ্রমণ কতটা নৈতিক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর