লস অ্যাঞ্জেলেসে সংবাদকর্মীদের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

লস অ্যাঞ্জেলেসে সংবাদকর্মীদের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
দুর্ঘটনার পর কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়। ছবি: সিবিএস নিউজ
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সংবাদমাধ্যম এনবিসি ফোরের কর্মীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এনবিসি লস অ্যাঞ্জেলেসের খবরে বলা হয়, বিধ্বস্ত হেলিকপ্টারটি তাদের ‘নিউজচপার ফোর’। এটি সংবাদমাধ্যম টেলিমুন্ডো ৫২-এর হয়েও কাজ করত।

বিবিসি জানিয়েছে, মঙ্গলবার প্রাণঘাতী একটি বাস দুর্ঘটনার খবর সংগ্রহ করতে হেলিকপ্টারটি ওই এলাকায় অবস্থান করছিল। ওই সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং আরও ছয়জন আহত হন।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে চ্যাটসওয়ার্থ এলাকার দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

এনবিসির উপস্থাপকেরা জানান, হেলিকপ্টারে থাকা তাদের দুই ‘মূল্যবান বন্ধু ও সহকর্মী’ দুর্ঘটনায় নিহত হয়েছেন। তারা হলেন- এলিয়ানা মোরেনো ও জর্জ মার্সিনিউ। তৃতীয় নিহত ব্যক্তি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সময় ভূমিতেই ছিলেন। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন

হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর সৃষ্ট আগুন চারটি গাড়ি ও দুটি স্টোরেজ কনটেইনারে ছড়িয়ে পড়ে।

এনবিসি ফোরের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক কলিন উইলিয়ামস বলেন, ‘আমরা জানতাম এটি আমাদেরই সংবাদ সংগ্রহে নিয়োজিত হেলিকপ্টার। সেখানে থাকা আমাদের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন আমরা দুর্ঘটনার নিশ্চিত খবর পেয়েছি।’

ফায়ার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন ব্র্যান্ডেন সিলভারম্যান বিবিসির যুক্তরাষ্ট্রের সহযোগী সংবাদমাধ্যম সিবিএসের স্থানীয় শাখাকে বলেন, ‘আমরা একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি। তিনি হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় ভেতরে ছিলেন না বলেই মনে হচ্ছে। ওই ব্যক্তিকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।’

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের সেন্ট্রাল ডিভিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এনবিসি ফোর লস অ্যাঞ্জেলেসের নিহতদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা ও প্রার্থনা জানিয়েছে।

শহরের মেয়র কারেন ব্যাস এক্সে লিখেছেন, ‘আজ রাতে চ্যাটসওয়ার্থে প্রাণহানির ঘটনায় আমি সম্পূর্ণভাবে বিপর্যস্ত। বাসের সংঘর্ষ ও হেলিকপ্টার দুর্ঘটনায় যাদের আমরা হারিয়েছি, তাদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা।’

যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড দুই দুর্ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad