রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৪৯টি মামলা হয়েছে।
বুধবার ডিএমপি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪১ জন, লালবাগে ৩৬, ওয়ারীতে ৫৭, মতিঝিলে ৫৬, তেজগাঁওয়ে ৮৬, মিরপুরে ১৩১, গুলশানে ৩৮, উত্তরা বিভাগে ৪৯ জন রয়েছেন। গোয়েন্দা বিভাগে (ডিবি) গ্রেপ্তার হয়েছেন ৫ জন।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, পাঁচটি রামদা, দুটি তরবারি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ৩৯৫ পিস ইয়াবা, ৪৩৮ বোতল ফেনসিডিল, ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
অভিযানে চারটি মোবাইল ফোন, একটি স্বর্ণের কানের দুল, নয়টি ফুয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, তিনটি ইয়াবা সেবনের প্লাস্টিকের বোতল ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


