একদিনের সফরে সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় তাকে স্বাগত জানান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যবৃন্দ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।
এরপর বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাষ্ট্রপতির গাড়িবহর বিমানবন্দর থেকে সার্কিট হাউজে যায়। পথে বিএনপি নেতাকর্মীরা তাকে স্লোগানে স্লোগানে স্বাগত জানান। আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, কিনব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার দুপাশে দাঁড়িয়ে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ রাষ্ট্রপতিকে হাতনেড়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনিও হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।
সিলেট সার্কিট হাউজে পৌঁছানোর পর তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এটিই সিলেটে মির্জা ফখরুল ইসলামের প্রথম সফর।

তার সফরসূচি অনুযায়ী, সার্কিট হাউজে গার্ড অব অনার নেওয়ার পর তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর দুপুর দেড়টার দিকে তিনি হযরত শাহপরান (রহ.)-এর মাজারে যাবেন। সেখানে জিয়ারত শেষে তিনি আবার সার্কিট হাউজে ফিরবেন।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজনে নগর ভবনে বিকাল সাড়ে ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন রাষ্ট্রপতি। অনুষ্ঠান শেষে রাত ৮টায় বিমানযোগে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
এদিকে রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেটে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিতে এক হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া পুলিশের বিশেষ ইউনিটগুলোও রাষ্ট্রপতির নিরাপত্তায় দায়িত্বে নিয়োজিত আছে বলে জানান তিনি।


