রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৫৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৪০টি মামলা করা হয়েছে।
বুধবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৪২, ওয়ারী বিভাগে ৮০, মতিঝিল বিভাগে ৬৮, তেজগাঁও বিভাগে ১১৪, মিরপুর বিভাগে ১৪৩, গুলশান বিভাগে ৩৯, উত্তরা বিভাগে ৪২ এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ১৩ জন রয়েছেন।
অভিযানকালে দুটি চাইনিজ কুড়াল, দুটি সুইচ গিয়ার, একটি চাকু ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ছয়টি ককটেল, ৩২ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৬২৩টি ইয়াবা ও ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ সময় দুটি প্রাইভেটকার, একটি অটোরিকশা, সাতটি ল্যাপটপ, ৬৭টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৪৮৪টি সিমকার্ড, ২৭টি ভিসা কার্ড এবং চারটি ইলেকট্রনিক্স চিপ উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনিব্যবস্থা নেওয়া হবে।


