টেকনাফ মেরিন ড্রাইভে অস্ত্র-গুলিসহ আটক ৩

টেকনাফ মেরিন ড্রাইভে অস্ত্র-গুলিসহ আটক ৩
টেকনাফ মেরিন ড্রাইভ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক তিনজন। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে বিজিবি।

বুধবার রাতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সীবিচ বিওপির দায়িত্বপূর্ণ টেকনাফ মেইন বিচ ও মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন টেকনাফ পৌরসভার গোদারবিল এলাকার রওশন আলীর ছেলে আল আমিন (১৯), মহেশখালীয়াপাড়ার বশির আহমদের ছেলে নুরুল আবছার (২৬) এবং গোদারবিল এলাকার আব্দুল হাফেজের ছেলে রবিউল হাসান (২১)।

বিজিবি জানিয়েছে, বুধবার রাত ৩টা ১৫ মিনিটের দিকে একটি ইজিবাইকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে শিশু পার্ক এলাকার দিকে যেতে দেখা যায়। বিজিবি সদস্যরা ইজিবাইকটিকে থামার সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় ধাওয়া করে একটি চাইনিজ কুড়ালসহ একজনকে আটক করা হয়। পরে প্রায় দুই ঘণ্টার অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করা হয়। তবে দলের আরও দুই সদস্য রাতের অন্ধকারের সুযোগে পালিয়ে যান।

আরও পড়ুন

বিজিবি আরও জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ইজিবাইকে অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রাখার তথ্য দেন। পরে ইজিবাইকের তলদেশে বিশেষভাবে তৈরি একটি বক্সে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটার গান, সাত রাউন্ড গুলি ও বিদেশি পিস্তলের আদলে তৈরি একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

এ ছাড়া একটি চাইনিজ কুড়াল, একটি বাটন মোবাইল ও একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি ডাকাতি, অস্ত্র ও মাদক চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।’

তিনি আরও বলেন, ‘সীমান্তবর্তী এলাকায় জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের অপতৎপরতা প্রতিরোধে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে জব্দ করা অস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র, ইজিবাইক ও অন্যান্য মালামালসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর