ঢাকাস্থ কয়েকটি বিদেশি দূতাবাসে হুমকি দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। কয়েকদিনে পুর্বে ই-মেইলে এই হুমকি পেয়ে দূতাবাসের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) জানানো হয়েছে।
পরে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এ নিয়ে তদন্ত শুরু করেছে।
এরই মধ্যে বৃহস্পতিবার বিকেলে দুটি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বারিধারার অফিসে বৈঠক করেছেন সিটিটিসির কর্মকর্তারা। তারা তাদের উদ্বিগ্ন না হতে পরামর্শ দিয়ে তদন্ত শুরু করেছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন শনিবার রাতে টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘একাধিক দূতাবাস ও ব্যক্তিকে ই-মেইলে যে বার্তা দেওয়া হয়েছে তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তদন্ত চলছে, কাউকে শনাক্ত করা না গেলেও এসব ই-মেইল স্ক্যাম মনে করছেন তারা।’
এ বিষয়ে পুলিশের একটি সূত্র জানায়, কোনো গোষ্ঠী আতঙ্ক ছড়াতে এসব করতে পারে বলে মনে করছে পুলিশ।


