বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা

বুধবার ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে, বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামী দুই দিনের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে মঙ্গলবার থেকে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম ‘অর্ণব’। এটি বুধবার ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে বাংলাদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক টাইমসকে বলেন, শনিবার নিম্নচাপটি সৃষ্টি হয়েছে। রোববার এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির প্রভাব সম্পর্কে তিনি বলেন, উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। বুধবার সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসেও বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপের কথা বলা হয়েছে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হতে পারে।

আরও পড়ুন

পূর্বাভাস অনুযায়ী, শনিবার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং সাময়িক দমকা হাওয়া বয়ে যেতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রোববারও দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

সোমবার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বৃষ্টির বিস্তার বাড়তে পারে। ওই দিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বুধবার রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ওই দিন দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ তালিকাভুক্ত কোনো স্টেশনে বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

এ সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় সন্দ্বীপ ও চট্টগ্রামের আমবাগানে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad