ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়েরের জেরে নাটোরের জেলা প্রশাসক ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
এদিকে লালপুর ও বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও তা মামলা হিসেবে নথিভুক্ত করেনি পুলিশ।
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল নিয়ে অসন্তোষে গত ১২ আগস্ট লালপুর ও বাগাতিপাড়া ইউএনও কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় সোমবার লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আবু মাসুদ রানা এবং বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. শুকুর আলী নিজ নিজ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্র দুটিতে সরকারদলীয় ২৫ জন নেতাকর্মীর নামসহ অজ্ঞাতনামা আরও ১৪০ থেকে ২০০ জনের বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়।
লিখিত অভিযোগকে এজাহার হিসেবে নথিভুক্ত করার নিয়ম থাকলেও গত তিনদিনেও তা করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, তিনি একটি অভিযোগ পেয়েছেন। তবে তা মামলার এজাহার হিসেবে নথিভুক্ত হয়েছে কিনা তা নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি। এনিয়ে তিনি উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলার পরামর্শ দেন।
অন্যদিকে ইউএনও কার্যালয়ে হামলার অভিযোগপত্র সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি বাগাতিপাড়া থানার ওসি আব্দুর রাজ্জাক। তিনি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের (প্রশাসন) সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইফতে খায়ের বলেন, বিষয়টি নিয়ে কোন অগ্রগতি হলে তিনি জানাবেন।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয়ে এখনও অফিসিয়ালি তাকে কেউ কিছুই জানায়নি। সেকারণে তিনিও কোন খোঁজ নেননি।
নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ বলেন, উপজেলা প্রশাসন থেকে ঢালাওভাবে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এতে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়।
এদিকে থানায় অভিযোগ দায়েরের পরদিনই নাটোরের জেলা প্রশাসক, রাজশাহীর বিভাগীয় কমিশনার এবং লালপুরের ইউএনওকে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বরমান হোসেন স্বাক্ষরিত এক আদেশে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে, রাজশাহী বিভাগীয় সিনিয়র সহকারী কমিশনার প্রীতিলতা বর্মণ স্বাক্ষরিত অপর এক আদেশে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়।


