কুষ্টিয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ কারেন্ট জাল, চায়না জাল ও গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার বিকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পৃথক দুটি অভিযানে উদ্ধার করা এসব মালামালের আনুমানিক মূল্য ৫ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, ১৬ আগস্ট রাত ১০টার দিকে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পদ্মা নদীতে অভিযান চালায় বিজিবির একটি বিশেষ টহল দল। অভিযানকালে নদী থেকে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৫০ কেজি ভারতীয় কারেন্ট জাল এবং ৪ হাজার ৮৪৫ কেজি চায়না জাল জব্দ করা হয়, যার সিজার মূল্য ৫ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা। প্রচলিত বিধি অনুযায়ী উদ্ধারকৃত জালগুলো পরবর্তীতে ব্যাটালিয়ন সদরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অন্যদিকে, সোমবার রাত ১টা ৫০ মিনিটের দিকে রংমহল বিওপির সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে আরেকটি অভিযান চালায় বিজিবি। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫২ হাজার ৫০০ টাকা।
৪৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে চোরাচালান, মাদকের অনুপ্রবেশ, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


