ফেনীতে অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদে কারসাজি, জরিমানা

ফেনীতে অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদে কারসাজি, জরিমানা
ছবি: টাইমস
Advertisement
Advertisement

অগ্নিনির্বাপক যন্ত্রের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ পরিবর্তন করে বাজারজাত করার অভিযোগে ফেনীতে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার বেলা ১১টার দিকে জেলার মহিপালের এসএসকে রোডের সোনালী ব্যাংক ভবনে অবস্থিত মেসার্স তুহিন এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম। জেলার হাজারী রোড, মহিপাল, লালপোল, ফতেহপুর ও হাজীর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অধিদপ্তর জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের নিয়মিত তদারকি অভিযানে তুহিন এন্টারপ্রাইজের অনিয়ম ধরা পড়ে। বিভিন্ন কোম্পানি থেকে সরবরাহ করা অগ্নিনির্বাপক যন্ত্রের প্রকৃত উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ মুছে ফেলে প্রতিষ্ঠানের নিজস্ব স্টিকার লাগানো হচ্ছিল। ওই স্টিকারে বিক্রির তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদ উল্লেখ করে যন্ত্রগুলো বাজারজাত করা হচ্ছিল।

অভিযানে আরও দেখা যায়, কিছু অগ্নিনির্বাপক যন্ত্রের প্রকৃত উৎপাদনের তারিখ থেকে কয়েক মাস এমনকি এক বছর পর্যন্ত সময় পেরিয়ে গেছে। অন্য প্রতিষ্ঠান থেকে রিফিল করে আনা অগ্নিনির্বাপক যন্ত্রেও নিজেদের স্টিকার লাগিয়ে নতুন মেয়াদ উল্লেখ করা হচ্ছিল।

আরও পড়ুন

এ ধরনের কর্মকাণ্ড ভোক্তার জীবন ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৫২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মাঈনুল ইসলাম (তুহিন) ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করবেন না বলে লিখিত অঙ্গীকার করেন।

এদিন ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি ভোক্তা সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানে জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল সার্বিক সহযোগিতা করে।

জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad