খুলনায় মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণার আগেই আদালত চত্বর থেকে কৌশলে পালিয়ে গেছেন দুই আসামি। পরে তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেছেন আদালত।
পলাতক ওই দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতে এ ঘটনা ঘটে। আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন খুলনা সদর থানার আলতাপপোল লেনের নাসির দেওয়ানের বাড়ির ভাড়াটিয়া মৌজে আলী খাঁর ছেলে সিরাজ খাঁ এবং পুলিশ লাইন পশ্চিম গলির পিন্টুর বাড়ির ভাড়াটিয়া আব্দুল মান্নান হাওলাদারের ছেলে হারুন অর রশিদ।
আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মামলার রায় ঘোষণার কথা ছিল। রায় ঘোষণার সময় ঘনিয়ে এলে দুই আসামি আদালত চত্বরে অবস্থান করছিলেন। একপর্যায়ে তারা কৌশলে আদালত চত্বর থেকে পালিয়ে যান।
পরে আদালত তাদের অনুপস্থিতিতেই মামলার রায় ঘোষণা করেন। রায়ে দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম।
জানা গেছে, রায়ের পর পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা শুরু হয়েছে।


