দেশের সব ধরনের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিদের নিয়ে অবমাননাকর মন্তব্য, বক্তব্য ও ছবি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় ১৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলার শুনানির আগে স্বতঃপ্রণোদিত হয়ে এ নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
ট্রাইব্যুনালের নেতৃত্ব দিচ্ছেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার।
ট্রাইব্যুনাল বলেছে, গণমাধ্যম থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিদের ছবি অপসারণ করতে হবে। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রকাশ হয়ে থাকলে সেগুলোও অপসারণ করতে হবে।
আদেশে বিচারক বলেন, মুক্ত চিন্তার প্রকাশ ও বাক স্বাধীনতার ক্ষেত্রে সবাই স্বাধীন। তবে সেটা দেশের প্রচলিত আইনের মধ্যে থেকে এবং অবমাননা না করে হতে হবে।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিচার প্রক্রিয়া ও রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারকদের নিয়ে বিভিন্ন ধরনের অবমাননাকর ছবি ও মন্তব্য ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে এসব অপসারণের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদালতের এই আদেশ অবিলম্বে বাস্তবায়ন করতে বলা হয়েছে।


