ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমান। তার জন্য রাস্তা করে দিতে শাহবাগে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের সমর্থকরা আজিজ সুপার মার্কেটের সামনে সরে গেছেন।
শনিবার এক ফেসবুক পোস্টে একথা জানিয়েছে ইনকিলাব মঞ্চ। দুুপুর ১২টায় তারা আবার শাহবাগ মোড়ে অবস্থান নেবে বলেও জানানো হয়েছে পোস্টে।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহিদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে।’
বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে সেখানে উপস্থিত হওয়ার আহ্বানও জানানো হয় ওই পোস্টে।
এর আগে হাদি হত্যার বিচারের দাবিতে ‘অনির্দিষ্টকালের জন্য’ শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগে অবরোধ কর্মসূচি শুরু করেন। সন্ধ্যার পর থেকে সেখানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। রাতভর তারা শাহবাগে অবস্থান করেন।
গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পাশের একটি চলন্ত মোটরসাইকেল থেকে অটোরিকশায় থাকা হাদিকে গুলি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পর তাকে নেওয়া হয় বসুন্ধরার বেসরকারি এভারকেয়ার হাসপাতালে।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে মারা যান ওসমান হাদি।
এদিকে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। শনিবার তার ওসমান হাদির কবর জিয়ারত করতে যাওয়ার কথা রয়েছে।


