চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাস বলছে, এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। শনিবার প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
গত সেপ্টেম্বরেও সমুদ্র উপকূলে তিনটি লঘুচাপ হয়েছিল, যার একটি নিম্নচাপে পরিণত হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, অক্টোবর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মাসজুড়ে দুই থেকে চার দিন মাঝারি থেকে তীব্র ব্রজ্যসহ বৃষ্টি এবং তিন থেকে পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
পূর্বাভাস বলছে, চলতি মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে বিদায় নেবে। বর্ষা শেষে দিন ও রাতের তাপমাত্রা ক্রমে কমতে পারে, যদিও স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।
অক্টোবরে দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে ভারি বর্ষণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্ব পার্বত্য এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গত সেপ্টেম্বর মাসে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা ২০ দশমিক ৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। ঢাকাসহ ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টিপাত কম হলেও সিলেট বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক দিনে সর্বোচ্চ ২০২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। একই মাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস, যা ১ সেপ্টেম্বর সিলেটে নথিভুক্ত হয়। সর্বনিম্ন তাপমাত্রাও নথিভুক্ত হয় সিলেটেই ২৮ সেপ্টেম্বর, ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


