সাভারে একটি ‘বোমাসদৃশ’ প্রেসার কুকারের সন্ধান পেয়েছে পুলিশ।
বুধবার সকাল ৮টার দিকে বনগাঁও ইউনিয়নের সাদাপুর গোপের বাড়ি ঘোড়া মসজিদের মাঠে এটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন জানান, রাতে সাদাপুর এলাকায় একটি ড্রাম রেখে যায় তিন অজ্ঞাত ব্যক্তি। সকালে ড্রামের ভেতর কোরআন শরীফ, জামাকাপড় ও প্রেসার কুকারসদৃশ বোমা দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রেখেছে। বোমাটি নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে বোমা ডিসপোজাল টিম রওনা হয়েছে।
আরও পড়ুন: সাভারে সিটিটিসির অভিযান: জেএমবির লিফলেট, ১৪ বোমাসহ আটক ১
এর আগে মঙ্গলবার রাতে সাভারের শ্যামপুর এলাকায় একটি বাড়িতে বিস্ফোরকের সন্ধান পায় সিটিটিসি। এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আটক আরিফ জেএমবির শীর্ষ নেতা বলে জানিয়েছে পুলিশ। আরিফের সঙ্গে কেরানীগঞ্জ বিস্ফোরণের যোগসূত্র পাওয়া গেছে। মতিঝিলের একটি সংগঠিত ঘটনার সঙ্গেও তার সূত্র পেয়েছে পুলিশ।


