২৪ ঘণ্টা পেরিয়েও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতি, যাত্রী ভোগান্তি

২৪ ঘণ্টা পেরিয়েও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতি, যাত্রী ভোগান্তি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট। ছবি: টাইমস
Advertisement
Advertisement

২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের যান চলাচল। মহাসড়কে শুক্রবার থেকে শুরু হওয়া এ যানজট শনিবার দুপুর পর্যন্ত অব্যাহত রয়েছে। সড়ক সংস্কারকাজকে কেন্দ্র করে মহাসড়কের ঢাকামুখী লেনে যানবাহন চলছে ধীরগতিতে।

কোথাও কোথাও তৈরি হয়েছে দীর্ঘ যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাসের যাত্রী, পণ্যবাহী ট্রাকচালকসহ হাজারো মানুষ।

গতকাল কুমিল্লার পদুয়ার বাজার, আমতলীসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনের চাপ বেশি থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় আটকে থাকতে হচ্ছে যাত্রী ও চালকদের।\

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে সৃষ্ট গাড়ির দীর্ঘ লাইন। ছবি: টাইমস

চট্টগ্রাম থেকে ঢাকাগামী পণ্যবাহী ট্রাকচালক আফজল হোসেন বলেন, ‘চার-পাঁচ ঘণ্টা ধরে কুমিল্লার অংশেই আটকে আছি। কখন ঢাকায় পৌঁছাতে পারব জানি না। মালিক ও পণ্যগ্রহীতারা বারবার ফোন করে জানতে চাইছেন কখন পৌঁছাব। পরে ভিডিও কলে তাদের আমার অবস্থান দেখিয়েছি।’

দূরপাল্লার বাসের যাত্রী সোনিয়া আক্তার বলেন, ‘ভোর সাড়ে পাঁচটার প্রথম ট্রিপেই বাসে উঠেছি। আশা ছিল, দুপুর দুইটার মধ্যে ঢাকায় পৌঁছে বিকাল তিনটার মিটিংয়ে যাব। অথচ এখনো কুমিল্লার পদুয়ার বাজারেই আছি। এভাবে কর্মঘণ্টা নষ্ট হলে কীভাবে কাজ করব বুঝতে পারছি না।’

আরও পড়ুন

আরেক যাত্রী ইকবাল হোসেন জানান, ঢাকার শিশু হাসপাতালে তার মেয়ের চিকিৎসা চলছে। মেয়েকে দেখতে ও চিকিৎসার খরচের টাকা নিয়ে জরুরি ভিত্তিতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। কিছু টাকা বিকাশে পাঠিয়েছেন। কিন্তু যানজটের কারণে সময়মতো ঢাকায় পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

ঢাকামুখী লেনে চলাচলকারী কয়েকজন চালক জানান, যানজটের কারণে তাদের অনেক সময় মহাসড়ক ছেড়ে ফিডার রোড ব্যবহার করতে হচ্ছে। এতে বিকল্প সড়কেও বাড়ছে যানবাহনের চাপ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে সৃষ্ট গাড়ির দীর্ঘ লাইন। ছবি: টাইমস

চালকদের অভিযোগ, মহাসড়কে সংস্কারকাজ চললেও যান চলাচল স্বাভাবিক রাখার জন্য কার্যকর ব্যবস্থাপনা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। একদিকে সড়কের খানাখন্দ ও সংস্কারকাজ, অন্যদিকে অতিরিক্ত যানবাহনের চাপ দুইয়ে মিলে তৈরি হয়েছে দীর্ঘ যানজট।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, সংস্কারকাজ শেষ হলে ভোগান্তি কমে আসবে। যানজট ও ধীরগতি কমিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন।

হাইওয়ে পুলিশ সুপার শাহিনুর আলম খান জানান, মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা রক্ষায় হাইওয়ে পুলিশ কাজ করছে। সড়কের খানাখন্দ ও সংস্কারকাজের কারণে গত কয়েকদিন ধরে আমতলী এলাকায় যানবাহনের ধীরগতি দেখা দেয়, পরে তা যানজটে রূপ নেয়। হাইওয়ে পুলিশের টহল দল সার্বক্ষণিক মাঠে রয়েছে। সড়ক সংস্কারকাজ শেষ হলে ভোগান্তি কমে আসবে।

শনিবার দুপুর পর্যন্ত মহাসড়কের কুমিল্লা অংশে এমন পরিস্থিতি অব্যাহত থাকায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে। তাদের দাবি, দ্রুত সংস্কারকাজ শেষ করার পাশাপাশি কাজ চলাকালীন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad