দুর্নীতির অভিযোগে আনিসুরসহ চার প্রকৌশলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে আনিসুরসহ চার প্রকৌশলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) আনিসুর রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার এবং দরপত্রে অনিয়মের অভিযোগে তদন্তাধীন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) আনিসুর রহমানসহ তিন সিটি করপোরেশন চার কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অন্য তিন কর্মকর্তা হলেন বরিশাল সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী এবং নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা।

গত ২৬ জুলাই স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে যুগ্ম সচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক গোপনীয় চিঠিতে এ নির্দেশ জারি করা হয়। চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের বিশেষ শাখা (এসবি), ইমিগ্রেশন শাখা এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে এলে প্রশাসনিক অঙ্গনে আলোচনা শুরু হয়।

চিঠিতে বলা হয়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী তদন্তাধীন কর্মকর্তারা যে কোনো সময় দেশত্যাগের চেষ্টা করতে পারেন। এ কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশের সব ইমিগ্রেশন চেকপোস্টে তাদের বিদেশযাত্রা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট চার কর্মকর্তার নাম, পদবি, স্থায়ী ঠিকানা এবং পাসপোর্টের অনুলিপিও চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

স্থানীয় সরকার মন্ত্রণালয় আনিসুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ, দরপত্রে কারচুপি, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে। তদন্ত চলমান অবস্থায় গত ৩০ জুন তাকে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনে বদলি করা হয়।

আনিসুর রহমানের বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে শাহবাগের শহীদ জিয়া শিশু পার্কের প্রায় ৪০০ কোটি টাকার আধুনিকীকরণ প্রকল্পে দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম। প্রকল্প পরিচালক হিসেবে তিনি এমন কিছু শর্ত সংযোজন করেছিলেন, যা নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের অনুকূলে ছিল বলে অভিযোগ।

ডিএসসিসির অভ্যন্তরীণ সূত্রের দাবি, দরপত্রের শর্ত এমনভাবে নির্ধারণ করা হয়েছিল যাতে ওরিয়ন, এনডিই ও ইউসিসি ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান কার্যত প্রতিযোগিতায় অংশ নিতে না পারে।

এ বিষয়ে গত ৬ জুলাই টাইমস অব বাংলাদেশ-এ প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, আনিসুর রহমান নিজের নামে ও বেনামে থাকা সম্পদ বিক্রির উদ্যোগ নিয়েছেন এবং বিদেশে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ওই প্রতিবেদন প্রকাশের কয়েক দিনের মধ্যে, ১২ জুলাই, শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকীকরণ প্রকল্পের টেন্ডার কার্যক্রম স্থগিত করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad