দেশের সব রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) মোট ১ লাখ ২৫ হাজার গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ড। একই সঙ্গে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন ও পরিবেশ সুরক্ষায় একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বেজার গভর্নিং বোর্ডের সভায় এসব সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা বিষয়টি জানান।
তিনি বলেন, বৈঠকে বেজার গভর্নিং বোর্ডের নবম সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম মূল্যায়ন এবং সরকারি মালিকানাধীন অব্যবহৃত শিল্পসম্পদের সর্বোত্তম ব্যবহার নিয়েও আলোচনা হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি ইপিজেডে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর আওতায় মোট ১ লাখ ২৫ হাজার গাছ লাগানো হবে। শিল্পায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং অর্থনৈতিক অঞ্চলগুলোকে আরও পরিবেশবান্ধব করে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।
সভায় নারায়ণগঞ্জের করিম জুট মিলস ও লতিফ বাওয়ানী জুট মিলসের জমি এবং বিদ্যমান অবকাঠামো অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের সম্ভাবনাও পর্যালোচনা করা হয়। সেখানে আধুনিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের আবেদন ও লাইসেন্স প্রদানে বিদ্যমান গাইডলাইন কঠোরভাবে অনুসরণ এবং প্রয়োজনীয় নতুন নীতিমালা প্রণয়নের বিষয়েও আলোচনা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।


