রাজধানীর মতিঝিল ফকিরাপুল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত রহমান শাওন (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মারা গেছে। এই ঘটনায় মো. শাহজাহান মিয়া (৫০) নামে এক পথচারী আহত হয়েছেন।
সোমবার রাত সোয়া ১১টার দিকে ফকিরাপুল রহমানিয়া হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত ১২টার দিকে শাওনকে মৃত ঘোষণা করেন।
নিহত শাওন গাজীপুর জেলার টঙ্গী নিশাত নগর এলাকার লুৎফর রহমানের ছেলে। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থী ছিল। বর্তমানে পরিবারের সঙ্গে হাতিরঝিল মধুবাগ মীররটেক এলাকায় থাকতেন।
হাসপাতালে নিহতের বন্ধু আলিফ জানায়, রাতে তারা দুজন মোটরসাইকেলে করে পুরান ঢাকা যাচ্ছিল। মোটরসাইকেলটি শাওন চালাচ্ছিলেন। ফকিরাপুল এলাকায় পৌঁছালে এক ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরবাইক থেকে ছিটকে পড়ে শাওন ও ওই পথচারী দুজনেই গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা শাওনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য মতিঝিল থানাকে অবহিত করা হয়েছে। অন্যদিকে আহত পথচারী শাহজাহান মিয়াকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।


