টাঙ্গাইলের মধুপুরে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৭ জন ।
বৃহস্পতিবার রাত দশটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা থেকে জামালপুরগামী ক্রাউন ডিলাক্স নামক একটি যাত্রীবাহী বাস রক্তিপাড়া ফিলিং স্টেশনের কাছাকাছি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ প্রশাসন এবং ফায়ার সার্ভিস স্টেশন এর কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান চালায়। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত ১৮ জনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ সময় চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। আহত ১৭ জনের মধ্যে গুরুতর ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


