জামালপুরে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত

জামালপুরে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত
জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জামালপুরের মেলান্দহ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

রোববার দুপুর ৩টার দিকে উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকার বাসিন্দা মজিবর (৫৫), জীবন মিয়া (৩৫) ও তুষার (৩৮)। নিহত দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতদের স্বজনরা জানিয়েছেন, দুপুরে দেওয়ানগঞ্জ থেকে জামালপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা বেতমারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হন। গুরুতর আহত অপর নারীকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. উজ্জ্বল কুমার সরকার বলেন, ‘দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুই নারী মারা গেছেন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, ‘দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পেয়ে জামালপুর জেনারেল হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত দুই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad