উত্তরাঞ্চলের ২ লাখ ২৯ হাজার ৯৩৩ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ২২৫ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার টাকার ঋণ মওকুফ করেছে সরকার। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী এই অর্থ পরিশোধ করা হয়েছে।
বুধবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) জনসংযোগ কর্মকর্তা ইফতেখার জাহিদ এ তথ্য জানান।
সরকারের সিদ্ধান্তে প্রতিটি কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত মূল ঋণ ও এর বিপরীতে বকেয়া সুদ মওকুফ করা হয়েছে। ১০ হাজার টাকার বেশি মূল ঋণের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়।
রাকাব সূত্র জানায়, রংপুর বিভাগের আট জেলায় ১ লাখ ৭৯ হাজার ২৭৮ জন কৃষকের ১৭৮ কোটি ৯২ লাখ ৪৮ হাজার টাকা মওকুফ হয়েছে। রাজশাহী বিভাগের আট জেলায় ৫০ হাজার ৬৩৭ জন কৃষকের ৪৬ কোটি ৮১ লাখ ৩৯ হাজার টাকা মওকুফ করা হয়েছে। সব মিলিয়ে ১৬ জেলায় মোট ২ লাখ ২৯ হাজার ৯৩৩ জন কৃষক এই সুবিধা পেলেন।
ইফতেখার জাহিদ জানান, অর্থ মন্ত্রণালয় থেকে বকেয়া ঋণের অর্থ রাকাবকে দেওয়া হয়েছে। এরপর নির্ধারিত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কৃষকদের ঋণ ও সুদ মওকুফ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা নতুন উদ্যমে উৎপাদনে বিনিয়োগ করতে পারবেন। এটি কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
রাকাব ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। তারা ভবিষ্যতে কৃষকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে। পর্যায়ক্রমে অন্যান্য রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকও ঋণের সুদ মওকুফ কার্যক্রম শুরু করবে।


