রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় অটোরিকশার ধাক্কায় নওরীন নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে বেগুনবাড়ি মসজিদ মার্কেটের পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নওরীনের বাবা মো. নাজিম জানান, তারা বেগুনবাড়ি এলাকায় থাকেন। তাদের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায়। তিনি পেশায় রিকশাচালক। নওরীন তাদের একমাত্র সন্তান।
তিনি জানান, বিকালে বাবা ও মায়ের হাত ধরে বাসার সামনে বের হয়েছিল নওরীন। একপর্যায়ে বাবার হাত ছেড়ে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয় সে। এ সময় একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় নওরীন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


